করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেই তারা একেক সময়ে একেক তুঘলকি সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৪ মে) সকালে রাজধানীতে দুঃস্থ ও কর্মহীন মানুষের মধ্যে রমজান উপলক্ষে উপহার সামগ্রি বিতরণের কর্মসূচির উদ্বোধনকালে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। উত্তরার দক্ষিনখানে প্রেম বাগানে কেসি স্কুলের কাছে আবদুল জব্বারের আঙিনায় উপহার সামগ্রি বিতরণ করা হয়।
তিনি বলেন, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা আজকে তারা একেক সময় একেকটা তুঘলকি সিদ্ধান্ত নেয়। কিছুদিন আগে সিদ্ধান্ত নিলো যে, গার্মেন্টস ফ্যাক্টরীগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ করলো কিন্তু দুইদিন পরে গণ-পরিবহন খোলা রাখলো। ফলে সব কিন্তু গ্রামের মধ্যে দেশের মধ্যে সারা জায়গায় ছড়িয়ে পড়লো। এই বিষয়গুলো আজকে আপনার সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
আবার আজকে গার্মেন্টস খুলেছে, কিন্তু গার্মেন্টস কর্মীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার ব্যবস্থা নেই। গার্মেন্টস কর্মীদের এখন আবার অনেকেই আক্রান্ত হওয়া শুরু হয়েছে ঢাকার সাভারে, আসুলিয়ায়, গাজীপুরে নারায়নগঞ্জে। অর্থাৎ সরকার ব্যর্থ হয়েছে গার্মেন্টস মালিকদেরকে তাদের শ্রমিকদের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা গ্রহণ করার ক্ষেত্রে।
ফখরুল বলেন, আমি সরকারকে বার বার বলেছি যে, আপনারা সবাই নিয়ে এক সাথে আলোচনা করে, পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহন করুন। তারা সেই সিদ্ধান্ত গ্রহন করছেন না এবং তারা সেই এক সাথে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষজ্ঞ বা যারা এক্সপার্টস আছেন তাদের কারো সঙ্গে পরামর্শ করে এই কাজগুলো করছেন না।
গুলশানের নিজের বাসায় কোয়ারে্নটাইনে থাকা অসুস্থ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ করে মহাসচিব বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, তিনি বাসাতেই আছেন। তিনি বেরুতে পারছেন না কারণ তাকেও কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তিনিও আপনাদের কাছে শুভেচ্ছা জানিয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি যে, এই দুযোর্গ থেকে আমাদের সবাইকে রক্ষা করেন।
গণমাধ্যমের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং তাদের চাকুরির নিশ্চয়তা বিধান এবং হাসপাতালের চিকিতসক-নার্স-স্বাস্থ্যকর্মী ও শিল্পকারখানার শ্রমিকদের চাকুরিচ্যুত না করা দাবিও জানান ফখরুল।
এ সময়ে একাদশ নির্বাচনে ঢাকা-১৮ আসনের বিএনপি দলীয় প্রার্থী মহানগর উত্তর যুব দলের সভাপতি এস এম জাহাঙ্গীর, বিমান বন্দর থানা বিএনপির জুলহাস মোল্লা, মুনির ভুঁইয়া, পূর্ব বিমান বন্দর থানার এস আই টুটুল, স্থানীয় যুব দলের দেলোয়ার হোসেন সবুজ, আলমগীর হোসেন, স্থানীয় কমিশনার আলী আকবর, কৃষক দলের শহীদুল ইসলাম ভুঁইয়া ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। / ভোকা