এবারের ঈদে দলীয় নেতাকর্মীদের শপিং না করে গরীব অসহায় ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ( ৯মে ) সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে এ সংকটকালে মির্জা ফকরুল ও তাঁর দল বিএনপিকে জনগণের পাশে দাঁড়িয়ে করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালনের আহবান জানান ওবায়দুল কাদের ।
জীবন ও জীবিকার চাকা সচল রাখতে সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এক শ্রেনীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইনে গুজব ছড়াচ্ছে। কোনো ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে। এসব গুজব ও অপপ্রচার উদ্দেশ্যমূলক। গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর।
করোনা যোদ্ধাদের প্রতি ওবায়দুল কাদের বলেন, আপনারা দেশ জাতির আশার আলো, সম্মুখ সারির যোদ্ধা, সাহসিকতার সঙ্গে কাজ করুন, আপনাদের পরিবারের সুরক্ষায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পাশেই আছে।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঈদ কেনাকাটায় সংযম ও পরিমিতিবোধ বজায় রাখার জন্য বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিবর্গের প্রতিও আহবান জানান।