করোনার সংক্রমণ রোধে সবাইকে দৃঢ় মনোবল নিয়ে নিজ নিজ গৃহে এবং কর্মস্থলে সচেতনতার প্রাচীর নির্মাণের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২ জুন) সকালে নিজের সরকারি বাসভবন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) কর্মকর্তা-কর্মচারীদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি।
এসময় তিনি বলেন, গতকাল থেকে শর্তসাপেক্ষে সারাদেশে গণপরিবহন চলছে। প্রথমদিনে অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হয়েছে, আবার কোথাও কোথাও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া গেছে।
এ সংকটকালে পরিবহন মালিক-শ্রমিকদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহন পরিচালনার জন্য আবার অনুরোধ জানান তিনি।
যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সচেতনতা ও সামাজিক দূরত্ব যথাযথ প্রতিপালনের মধ্য দিয়ে আমরা এ সংক্রমণ রোধ করতে পারি। নিজেদের অবহেলা ও শৈথিল্য দুর্যোগ আরও ঘনীভূত করতে পারে।
ভিডিও কনফারেন্সে তিনি কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, বিআরটিসির বাসগুলোকে সংক্রমণ রোধ এবং স্বাস্থ্য সচেতনতার মডেল হিসেবে রূপান্তরের পাশাপাশি জনগণের আস্থার বাহনে রূপান্তর করতে হবে।
মন্ত্রী এসময় সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে বিআরটিসিকে লাভের ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান। বিআরটিসি বাসে ট্র্যাকিং ডিভাইস স্থাপন ও ডিজিটাল টিকেটিং চালুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
ভিডিও কনফারেন্সে বিআরটিসির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।