বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে ঠেকাতে গিয়ে দেশকে ঠেকাতে যাবেন না। সরকারের অন্ধ সমালোচনা করতে গিয়ে দেশের ক্ষতি করবেন না। সস্তা সমালোচনা না করে রাজনৈতিক দল হিসেবে নিজেদের দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ রাখবেন। রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে ঢিল ছুড়বেন না।
মঙ্গলবার (৯ জুন) সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সারা দেশে নাকি তাদের নেতা-কর্মীদের ঢালাও গ্রেফতার করা হচ্ছে? আমি বলতে চাই, কোথায় গ্রেফতার করা হলো? কাদেরকে গ্রেফতার করা হলো? তালিকা দিন? কোথায় মিথ্যা মামলা দেওয়া হল, স্পেসিফিক তালিকা দিন? রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে ঢিল ছুড়বেন না। মানুষের ক্ষুধার হাহাকার আপনারা কোথায় দেখতে পাচ্ছেন? আসলে আপনাদের হৃদয়েই এই ক্ষমতার ক্ষুধা। সে ক্ষুধার তীব্রতায় আপনাদের হৃদয় হাহাকার করছে। জনমানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতাই আপনাদের ক্ষুধা জ্বালা করছে।
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনাকালীন গণপরিবহনের ভাড়া পূর্ণ বিন্যাসের পরও চট্টগ্রামসহ কয়েক স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় করে তারা এই সংকটে গণদুশমন বলেই পরিচিত হবে। অতিরিক্ত ভাড়া আদায়কারীরা গণদুশমন হিসেবেই জনগণের কাছে চিহ্নিত হবে। এই সংকটে যারা সরকারকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ভাড়া চাপাচ্ছে।
একইসাথে যারা প্রতিশ্রুতি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে আহ্বান জানান তিনি। অতিরিক্ত ভাড়ার অভিযোগ প্রমাণিত হলে সড়ক পরিবহন আইন অনুযায়ী ডাম্পিংসহ কঠোর আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন,সীমাবদ্ধতা সত্বেও চ্যালেঞ্জ উত্তরণে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই প্রচেষ্টায় জনগণের আস্থা রয়েছে। শুধু মিথ্যাচার করছে বিএনপি।