আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সেখানে উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতা ও অন্যান্যরা মোহাম্মদ নাসিমকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে তাকে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে বনানী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মোহাম্মদ নাসিমের মরদেহে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিবুর রহমান এবং রাষ্ট্রপতির পক্ষে তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর সোবহানবাগ মসজিদে মোহাম্মদ নাসিমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ কিছু সময়ের জন্য নেয়া হয় তার ধানমন্ডির বাসভবনে। করোনা পরিস্থিতির কারণে নাসিমের মরদেহ সিরাজগঞ্জে নেওয়া হয়নি। এছাড়া তার দাফনের সময়ও স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়।
এ সময় মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে স্বাস্থ্যবিধি থাকায় সীমিত সংখ্যক মানুষকে এ সময় কবরস্থানে প্রবেশাধিকার দেয়া হয়। দাফনের আগে তানভীর শাকিল জয় মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
উলেখ্য, শনিবার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই রাজনীতিবিদ। গত পহেলা জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ৫ জুন ভোরে ব্রেইন স্ট্রোক করে কোমায় চলে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে পরপর তিনটি কোভিড টেস্ট নেগেটিভ আসে তার।