সাম্প্রতিক উপ-নির্বাচনসহ সকল স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশ নেওয়া রাজনীতির জন্য শুভ সংবাদ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির এই ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
সেতুমন্ত্রী বলেন, সংসদীয় রাজনীতিকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই। দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নির্বাচনী রাজনীতিতে তাদের এ অংশগ্রহণ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী টানেলের উদ্বোধন করেন। আমি আপনাদের আনন্দের সাথে জানাতে চাই এরই মধ্যে নদীর তলদেশ দিয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ দুটি টিউবের মধ্যে একটির খনন ও রিং স্থাপন কাজ শেষ হয়েছে। আরেকটি টিউবের খনন কাজ আমরা আশা করছি নভেম্বর মাসে শুরু করা যাবে। গতকাল পর্যন্ত টানেলের সার্বিক কাজের অগ্রগতি শতকরা ৫৮ ভাগ। করোনা মহামারির শুরু থেকে অর্থাৎ মার্চ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মধ্যবর্তী সময়ে অগ্রগতি হয় শতকরা ৫ ভাগ বলে অবহিত করেন মন্ত্রী।
এসময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন সেতু সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফেরদৌসসহ অন্যান্যরা।