সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'সরকার নারী নির্যাতনসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে'।
রোববার (১১ অক্টোবর) সকালে সেতুমন্ত্রী নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বারবার আন্দোলনের ডাক দিয়ে বিএনপি জনগণের সাড়া পায়নি। বারবার ব্যর্থ চেষ্টা করেছে। কারণ তাদের আন্দোলনের ওপর মানুষের কোনো আস্থা নেই। মানুষের সাড়া না পেয়ে একবার কোঠা সংস্কার আন্দোলন এবং আরেকবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে ভর করেছিল। এরপর ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের উপর তারা ভর করেছে।
তিনি আরো বলেন, বিএনপিও স্বার্থান্বেষী মহল যত চেষ্টাই করুক তাদের অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ সরকার নারী নির্যাতনসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে'।
কাদের বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো প্রকার বাধা দেবে না। কিন্তু আন্দোলনের নামে পরিস্থিতি নষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে এবং জনগণের জানমালের নিরাপত্তা প্রশ্নে সরকার কঠোর হতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই তা প্রতিহত করা হবে।
ধর্ষক বিরোধী আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, 'অপরাধীরা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। বিচার দ্রুত শুরু হতে যাচ্ছে। কঠোর বিচার এর জন্য যুক্তিসঙ্গত সময় পর্যন্ত অপেক্ষা করুন'।