বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাষ্প এখন যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বের গণধিক্কৃত সব সরকারকে টেক্কা দিয়ে বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখেছে। বিএনপিসহ বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকেও চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।
রোববার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব বলেন। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশে পুলিশের লাঠিচার্জে নেতাকর্মীদের আহত করা এবং ১২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৮০-৯০ জনের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর লাগামহীন হামলা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে যুবদলের কর্মী সমাবেশের ওপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ ও নেতাকর্মীদের আহত করাসহ মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশি অভিযানের কারণে বিএনপির নেতাকর্মীরা এলাকায় থাকতে পারছেন না। পুলিশি হামলা ও মামলার ঘটনায় আবারও প্রমাণিত হলো দেশে আইনের শাসন নেই, রাজনীতি করার নূ্যনতম সুযোগও নেই।
বিএনপি মহাসচিব অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান এবং আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন। / সম