আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির সবচেয়ে কষ্টের দিন-জাতীয় শোক দিবসে হঠাৎ করেই খালেদা জিয়ার ভুয়া জন্মদিন উদযাপন, উৎসব করে কেক কেটে বিএনপির প্রতিহিংসা আর মিথ্যাচারের রাজনীতির বিকৃত উদাহরণ।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বিএনপি প্রতিহিংসা ও বিদ্বেষের যে রাজনীতি শুরু করেছিল তারই ধারাবাহিকতা ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন উদযাপন।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্যপদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
একটি রিটের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন উদযাপনের বিষয়টি নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে অনেকাংশে একমত পোষণ করে ওবায়দুল কাদের বলেন, কারো কারো ক্ষেত্রে প্রকৃত জন্মতারিখ আর সার্টিফিকেটের জন্ম এক নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে প্রশ্ন রেখে বিএনপি নেতাদের কাছে জবাব চেয়ে বলেন, তাই বলে কি কারো পাঁচটি জন্মতারিখ থাকবে?
জাতি খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিভ্রান্তির অবসান চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে প্রমাণ করতে হবে ১৫ আগস্ট খালেদা জিয়ার সত্যিকার জন্মদিন কি না।
বিএনপি ক্ষমতায় আসার পর শোক দিবসে ভুয়া জন্মদিন উদযাপন শুরু করা শোক দিবসকে কটাক্ষ করারই নামান্তর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রমাণ করেছে যে, তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত।
করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী উৎপাদন ব্যবস্থা ও প্রবৃদ্ধিতে ধীরগতি এবং অনেক উন্নত দেশে অর্থনীতির চাকা সচল রাখতে যেখানে হিমশিম খাচ্ছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্জিত প্রবৃদ্ধি এবং ভারসাম্যপূর্ণ ব্যবস্থা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা থেকে প্রকাশিত 'গ্লোবাল ফুড আউটলুক -জুন ২০২১' শীর্ষক প্রতিবেদনে এসেছে, করোনা এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চাল উৎপাদনে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে টপকে এখন তৃতীয় স্থানে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে অগ্রযাত্রা তা এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি মতভেদ ভুলে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করারও আহ্বান জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সদস্য সংগ্রহে সতর্ক থাকতে হবে যাতে কোনো চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসীরা প্রাথমিক সদস্য না হতে পারে।
ওবায়দুল কাদের আবারও স্মরণ করে দিয়ে বলেন, এক ব্যক্তি কোনভাবেই দুই পদে থাকতে পারবে না।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে এসময় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আবদুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। / সম