আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো ষড়যন্ত্র জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে পারবে না।
বুধবার (২৩ জুন) দলের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের ৭২ বছরের ইতিহাস সংগ্রাম ও সাফল্যের ইতিহাস। গৌরবের ইতিহাস। উন্নয়ণ ও অর্জনের ইতিহাস। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটি অনেক গভীরে। শত ষড়যন্ত্রই আওয়ামী লীগের মাটি মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না।’
“বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আমরা সেই ঐতিহ্য বহন করছি। সংগ্রাম, সাফল্য, গৌরব, অর্জন-উন্নয়নের যে ঐতিহ্য আমরা বহন করে চলেছি সেই ধারা অব্যাহত থাকবে।”
আওয়ামী লীগ জনগণের সাথে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে জানিয়ে তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্রই, কোনো শক্তিই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’
মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক শক্তির মুলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার বলেও জানান তিনি।
দলে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী অনুপ্রবেশকারীদের বিষয়ে কি পদক্ষেপ নেয়া হবে-সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অনুপ্রবেশকারী যেটা ছিলো এখন তা অনেক বন্ধ হয়েছে। ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকবো।’
এর আগে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।
এ সময় দলের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।