রাজনীতি

দেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে ওঠা কোনো ভূঁইফোড় রাজনৈতিক সংগঠন নয়। দেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে।

আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে– বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে বৃহস্পতিবার তিনি একথা বলেন।

এদিন সকালে নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে– এ ভাবনা দেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ বিরোধী দলের নেতাদের আত্মতুষ্টি লাভের সস্তা খোরাক মাত্র।

তিনি বলেন, এদেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়, শুধু ভৌগোলিক স্বাধীনতাই নয়, অর্থনৈতিক মুক্তিও এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে।

মাটি ও মানুষের হৃদয়ের গভীরে আওয়ামী লীগের স্থান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো এই রাজনৈতিক দলটি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।

তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। এ সম্পর্ক চিরকালের, ইচ্ছে করলেই কেউ তা মুছে ফেলতে পারবে না। আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল বরং তারাই নিশ্চিহ্ন হয়েছে, জনগণ তাদেরকেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আন্দোলন, সংগ্রাম, ত্যাগ আর মানুষের ভালোবাসায় আওয়ামী লীগ আজ মহীরূহে রূপান্তরিত একটি প্রতিষ্ঠান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাওয়া আওয়ামী লীগকে যারা জনবিচ্ছিন্ন মনে করে, তারা নিজেরাই এখন জনবিচ্ছিন্ন ও জননিন্দিত। তাদের রাজনীতি আজ অস্তিত্ব সংকটে বলেও দাবি ওবায়দুল কাদেরের।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, করোনাকালে এখন রাজনীতি হচ্ছে অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি এ দুঃসময়েও মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে। বিএনপির রাজনীতি জনমানুষের জন্য নয়, তাদের রাজনীতিতে ত্যাগের কোনো মহিমা নেই, আছে শুধু ভোগের উদগ্র বাসনা।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক বিএনপি, আওয়ামী লীগ নয়। কারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চায়, কারা স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলো, এখনও কারা স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা দেশবাসী জানে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্বাধীনতার ঘোষক আর ঘোষণার পাঠক এক নয়– এ সত্যটা বিএনপিকে অনুধাবন করতে হবে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ