শুক্রবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে বৈঠকটি। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমন্ত্রিত সদস্যদের যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এর মধ্যে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী এবং নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আগামী বছর দলের ২২তম জাতীয় সম্মেলন এবং ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন, তৃণমূলে বিভক্তির রাজনীতি দূরকরণ, এমপি-মন্ত্রীদের বলয় ভাঙাসহ সাংগঠনিক নির্দেশনা দিতে পারেন সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।