রাজনীতি

আ. লীগ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‌'স্বাধীনতা যুদ্ধ কোনো একজন ব্যক্তি বা দল করেনি। এ দেশের সর্বস্তরের মানুষ দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু শহীদ জিয়াউর রহমান ও আতাউল গনি ওসমানীসহ অনেক বীরদের অবদান স্বীকার করে না আওয়ামী লীগ। ১৬ ডিসেম্বর জাতীয়ভাবে যে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে, সেখানে শেখ মুজিব ছাড়া আর কারও নাম নেওয়া হয়নি। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।'

শনিবার বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। মহান মুক্তিযুদ্ধে সিলেট মুক্ত দিবস উপলক্ষে বিএনপির স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি এই সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, 'নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। প্রয়োজনে একাত্তর সালে যেভাবে দল-মত-ধর্ম নির্বিশেষে ঐক্যবব্ধ হয়ে পাক হানাদারবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশবাসী; ঠিক সেই ভাবে যুদ্ধ করে বর্তমান অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।' এজন্য গণঅভ্যুত্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি- সেই দিন আর বেশি দূরে নয়।'

মির্জা ফখরুল বলেন, 'স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরেও আমরা আমাদের সন্তানদের জন্য বাসযোগ্য একটি ভূমি রেখে যেতে ব্যর্থ হয়েছি। একাত্তরের স্বপ্ন ছিলো- একটি গণতান্ত্রিক দেশ গড়ার। কিন্তু সেই স্বপ্ন ধুলিস্যাৎ করে দিয়েছে বর্তমান সরকার।'

সরকারের উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, 'দেশে গরিব মানুষের সংখ্যা বেড়ে গেছে। গুটিকয়েক মানুষ সরকারের ছত্রছায়ায় কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। যার প্রমাণস্বরূপ জনগণের ভোটে বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে কারাবাস করিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি মুমূর্ষু অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। উন্নত চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেওয়া হচ্ছে না।'

বিএনপি মহাসচিব আরও বলেন, '১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট শত্রুমুক্ত করতে নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। কিন্তু জোর করে ক্ষমতায় থাকা এই সরকার প্রকৃত ইতিহাস মুছে দিয়ে একটি ভ্রান্ত গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চায়।'

এর আগে দুপুর আড়াইটার দিকে আলোচনা সভার কার্যক্রম শুরুর পরপর রেজিস্ট্রারি মাঠে মঞ্চের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিএনপির দুইপক্ষ। উভয় পক্ষ সভাস্থলে চেয়ার ভাংচুরের পাশাপাশি ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। একপর্যায়ে বিবদমান পক্ষের নেতাকর্মীরা সামনের রাস্তায় গেলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আলোচনা সভামঞ্চ থেকে মারামারিতে লিপ্তদের ‘সরকারি দলের অনুপ্রবেশকারী’ বলে অভিহিত করা হয়।

প্রায় আধ ঘন্টা পর পরিস্থিতি শান্ত হলে কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। এই সভায় যোগ দিতে সকালে বিমানযোগে সিলেটে আসেন মির্জা ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বিএনপির স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। মেজর (অব.) হাফিজ উদ্দিন ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবসের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন।

বিএনপির স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির আহবায়ক ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ