ব্রাহ্মণবাড়িয়ায় একই সময় ও স্থানে বিএনপি এবং ছাত্রলীগের ডাকা সমাবেশের কারণে পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে রেখেছে জেলা প্রশাসন। এর ফলে শনিবার (০৮ জানুয়ারি) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
১৪৪ ধারা জারির কারণে ব্রাহ্মণবাড়িয়া থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শনিবার সকাল সাড়ে ১০টায় পৈরতলা বাস স্ট্যান্ডে গিয়ে সকল বাসের কাউন্টারগুলো বন্ধ পাওয়া গেছে। শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
এদিকে, পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪০টি পয়েন্টে ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নিরাপত্তার স্বার্থে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বাস কাউন্টার বন্ধ করার কোনো নির্দেশনা দেয়া হয়নি।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দাবিতে ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে শনিবার দুপুরে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময়ে এবং একই স্থানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগও ছাত্র সমাবেশ ডাকে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা দেখা দেয়।