আসন্ন পবিত্র রমযান মাসকে টার্গেট করে নিত্য পন্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, রমযান মাসে অতিলাভে পড়ে মানুষকে জিম্মি করবে না। সরকার তা মেনে নেবে না। শেখ হাসিনা তা সহ্য করবেন না।
তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে এমন বিষয়ে কখনো নীরব থাকেনি, থাকবেও না। জনগণের জীবনমানের সুরক্ষায় গ্রহণ করেন প্রয়োজনীয় ব্যবস্থা। এরই মাঝে বাজারে স্থিতিশীলতা আনতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি জোরদার করা হয়েছে, এ ব্যবস্থা জনস্বার্থে আরও সম্প্রসারণ করা হবে।’
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সেতুমন্ত্রী বলেন, ‘রমজানে কোনো পণ্যের সরবরাহে ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। পর্যাপ্ত পণ্য মজুদ থাকা স্বত্তেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী রমজান এবং বিশেষ বিশেষ সময়ে কৃত্রিম সঙ্কট তৈরি করে। এসব অসাধুচক্রের বিরুদ্ধে সরকার সোচ্চার।’
তিনি বলেন, ‘রমজান মাসে কোনো অসাধু চক্রের কারসাজি সফল হতে দেওয়া হবে না। দেওয়া হবে না কৃত্রিম সঙ্কট তৈরি করে মূল্যবৃদ্ধির অপচেষ্টাকে। এ লক্ষ্যে ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় নানামুখি উদ্যোগ নিয়েছে, বাজার ব্যবস্থায় মনিটরিং জোরদার করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই বাজার পরিস্থিতি মনিটর করছেন।’