বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনকে আবারও গণফোরামের সভাপতি করা হয়েছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে দলের বিশেষ কাউন্সিলে এ ঘোষণা দেওয়া হয়।
কাউন্সিলে সভাপতি হিসেবে ড. কামাল হোসেনের নাম প্রস্তাব করলে উপস্থিত ফোরামের সদস্যরা সেই প্রস্তাবে সমর্থন দেন। সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ২০ সদস্যের একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়েছে। ওই সাবজেক্ট কমিটি আলোচনার ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি গঠন করবে।
সকালে গণফোরামের কাউন্সিলে হামলার ঘটনা ঘটে। এতে দলেরর ২০ নেতা-কর্মী আহত হন। হামলাকারীরা মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন অন্য বলে দাবি অভিযোগ করেছে কামাল অংশের নেতারা।
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ ও ম শফিক উল্লাহ কাউন্সিলে রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, ‘জনগণকে আমাদের বোঝাতে হবে চলমান দুর্নীতি ও দুর্বৃত্তায়িত থামাতে হলে বর্তমান রাজনীতির ধারা পাল্টাতে হবে। আগামী নির্বাচনে জোট করে হলেও বর্তমান সরকারের পরিবর্তন ঘটাতে হবে। এছাড়া জনগণের কল্যাণমুখী অর্থনীতি ও গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’
ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাক আহমেদ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, এর আর জাহাঙ্গীর, নাজমুল ইসলাম সাগরসহ আরও অনেকেই কাউন্সিলে বক্তব্য রাখেন।