আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করলে আ.লীগ বাঁচবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আজ বৃহস্পতিবার নিজ বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেছেন, ‘দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না। আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। আওয়ামী লীগ কচুপাতার শিশির বিন্দু নয় যে, টোকা লাগলেই পড়ে যাবে।’
এ সময় দলের নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘কোনোভাবেই পকেট কমিটি করা যাবে না। কমিটি করতে হবে দুঃসময়ের ত্যাগী কর্মীদের দিয়ে।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, তাহলে দেশের উন্নয়ন-অর্জন ধ্বংস হয়ে যাবে।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ আজ ভিক্ষা দেয়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময়। শেখ হাসিনার সততা ও নেতৃত্বের জন্য সারা দুনিয়ায় মানুষ আজ প্রশংসা করছে।’
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার, স্থানীয় সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।