বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকার গুম, খুন, লুটপাট, মানবপাচার, নারী পাচার, মুদ্রা পাচার সবকিছুতেই পারদর্শী।
আজ শনিবার ‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সাহসী যোদ্ধা তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জাকিরের সন্ধান দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ গুম প্রতিরোধ ঐক্যপরিষদের উদ্যোগে আবদুল্লাহ আল জুবায়েরের সভাপতিত্বে ও সাজ্জাতুল হানিফ সাজ্জাতের পরিচালনায় আরও বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপি নেতা ফজলুল হক মিলন, আমিরুল ইসলাম খান আলীম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন।
ছাত্রদল নেতা নিখোঁজ আমিনুল ইসলাম জাকিরের সন্ধান দাবি করে গয়েশ্বর বলেন, নৃশংস হত্যাকাণ্ডের চেয়ে গুম আরও নৃশংস। একজন মানুষকে হত্যা করলে অন্তত তার মরদেহ পাওয়া যায়। সামাজিক ও ধর্মীয় কিছু আনুষ্ঠানিকতা আছে। মৃত্যুবার্ষিকীতে স্মরণও করা যায়। কিন্তু গুম করা হলে জীবিত নাকি মৃত্যু সেটাও বলা যায় না। এটা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন।