আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপরাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এজন্য তাদের ভবিষ্যত অন্ধকার। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি নেতারা গুমের কথা বলেন, অথচ তাদের শাসনামলে অপারেশন ক্লিন হার্টের নামে গুম আর নির্বিচারে হত্যা হয়েছে। চট্টগ্রামে তাদের দলের নেতা জামাল উদ্দিনকে কারা গুম করে হত্যা করেছিল?
জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে আজ মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, বিএনপিই দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি। তারাই ক্ষমতালোভী দল। অপরাজনীতি চর্চার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ আজ প্রশ্নবিদ্ধ।
কাদের বলেন, ‘তাদের (বিএনপি) রাজনীতিই এখন স্বার্থ এবং ক্ষমতার দ্বন্দ্বে চক্রাবদ্ধ। এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নেতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরও গভীরে চলে যাচ্ছে। বিএনপিই এ দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারাই ক্ষমতালোভী দল।’
ওবায়দুল কাদের বলেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন তারা মানুষের অধিকার হরণকারী এক ফ্যাসিবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন গণতন্ত্র রক্ষার নামে তাদের যে মুখরোচক বক্তব্য, তার আড়ালে উঁকি মারে ভোটারবিহীন নির্বাচন এবং কারফিউ গণতন্ত্র।
ওবায়দুল কাদের বলেন, রক্ত কণায় যাদের অনিয়ম, লুটপাট তারা শেখ হাসিনা সরকারের কোনো ভালো কাজ সহ্য করবে না এটাই স্বাভাবিক।