বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললে, জনগণ ও আমাদের কাছে তা হাস্যকর মনে হয়।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার আমলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। জনগণ থেকে এ সরকার বিচ্ছিন্ন। তারা সমালোচনা ও ভিন্নমত সইতে পারে না। কলাবাগানের মা ও ছেলেকে হাজতখানায় রাখা তারই প্রমাণ। এ ঘটনাগুলো প্রমাণ করে সরকার কতটা স্বৈরাচার।
মির্জা ফখরুল অভিযোগ করেন, আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ এখন স্বৈরাচারি দল হিসেবে চিহ্নিত। বিভিন্ন দেশ এরই মধ্যে আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারি দল হিসেবে চিহ্নিত করেছে। তার প্রমাণ হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আর দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছে যে তারা একটি ফ্যাসিবাদ সরকারের আওতায় রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এ সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকারের প্রশ্রয়ে এখন মানবাধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে এবং আইনের শাসন বলতে দেশে কিছু নেই। এটার প্রমাণ হচ্ছে ঢাকা কলেজ ও নিউ মার্কেটের সংঘর্ষ। পত্র-পত্রিকায় এলো, হামলায় জড়িত আওয়ামী লীগ আর মামলা হল বিএনপির নামে। তিনদিনের রিমান্ডও হলো বিএনপি নেতার। এটাই হচ্ছে প্রশাসনকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, বিচার বিভাগকে দলীয়করণ করা। আর এসব এখন কিছু মিডিয়া তুলেও ধরছে।
এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।