তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আবারও অগ্নি সন্ত্রাস করার পাঁয়তারা করছে। দলীয়ভাবে সিদ্বান্ত নিয়েই দলটি সারাদেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্ট এলাকায় বহিরাগতদের সমাবেশ ঘটিয়ে ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড তারই প্রমাণ।
শনিবার দুপুরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, দেশে যাতে কেউ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত ও অগ্নি সন্ত্রাস করতে না পারে সেজন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।
ড. হাছান মাহমুদ বলেন, ‘সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। জনগণ বিএনপিকে ধিক্কার দিচ্ছে। এতে করে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা আবোল-তাবোল বলছে। নয়াপল্টনের অফিসে বসে সরকারের বিদায় ঘণ্টা বাজাতে গিয়ে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা। এতে করে নিজেদের বিদায় ঘণ্টা তারা নিজেরাই বাজিয়েছে।
পরে জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান আলী এমপি। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি। বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি ও অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।