আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনে আসতে বিএনপিকে কার্ড দেয়া হবে। তবে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে আইনকানুন যাচাই করা হবে।
ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসে শনিবার (৪ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা তো কাউকে দাওয়াত দেব না, এটা বলিনি। এখন বেগম খালেদা জিয়া তো...এটা নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেব। তারপরও বিএনপির চেয়ারপার্সন। নিয়মকানুন জেনে আমরা দেব। বিএনপির নেতারা পাবেন। তাদেরকে আমরা দেব। তাদের অন্যান্য শরিক দল...বাম-ডান, সবাই পাবেন। কার্ড আমরা দেব। এটা জাতীয় সম্মানের প্রতীক।’
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়ার পর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে পরিবারের আবেদনে সরকার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয়। এরপর তিনি বিদেশে যেতে চাইলেও আইনি জটিলতায় পারেননি। সেই থেকে বাসায় অবস্থান করছেন।
বিএনপির অন্য নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের এদিন আরও বলেন, ‘ফখরুল এবং বিএনপির কিছু নেতা আবোল-তাবোল বকছেন। তাদের আসলে মাথা খারাপ হয়ে গেছে। তারা পদ্মা সেতুকে সহ্য করতে পারছে না। তারা মেট্রোরেলকে সহ্য করতে পারছে না। এগুলো তারা জীবনে দেখেওনি। করেওনি। শেখ হাসিনা করছেন, এ জন্য তাদের ক্ষোভ। এ জন্য তাদের বুকে বিষ ব্যথা। ব্যথার জ্বালায় জ্বলছে।’