চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণস্থল পরিদর্শনে যাচ্ছেন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’-এর নেতারা। মঙ্গলবার (৬ জুন) সকাল ১১টায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করবেন তারা।
ঘটনাস্থল পরিদর্শনে যারা যাচ্ছেন তারা হলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বয়ক রাশেদ খান, ভাসানী অনুসারী পরিষদের নেতা হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান প্রমুখ ।
‘গণতন্ত্র মঞ্চ’ নামের নতুন রাজনৈতিক এই জোটটি শিগগির আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই মঞ্চের নেতৃত্বে থাকছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের দাবিতে এই মঞ্চ মাঠে নামবে বলে জানা গেছে ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন চার শতাধিক মানুষ।
গত শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ভেতর আগুন লাগার পর বিস্ফোরণে কেঁপে উঠেছিল আশপাশের প্রায় আড়াই বর্গকিলোমিটার এলাকা। ওই বিস্ফোরণ ও আগুনে পুড়ে যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে নয়জনই ফায়ার সার্ভিসের সদস্য।