গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও গ্যাসের নতুন দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
সোমবার (৬ জুন) জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ‘ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধিতে বাসার রান্নার খরচ বাড়ার সাথে সাথে সার কারখানা ও শিল্পের উৎপাদন খরচ বেড়ে যাবে। বাসায় প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসে খরচ বাড়বে প্রায় ৪৩ শতাংশ। নতুন করে দাম বৃদ্ধিতে নানা সংকটে বিপর্যস্ত জনজীবনকে আরো দুর্দশাগ্রস্ত করে ফেলবে।
গ্যাস খাতে দুর্নীতি ও অপচয় বন্ধ করলে গ্যাসের দাম বৃদ্ধির প্রয়োজন হতো না। সরকার জনগণের স্বার্থ না দেখে অযৌক্তিক ও লুণ্ঠনমূলক প্রক্রিয়াকেই সুরক্ষা দিয়েছে। যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।’
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।