আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের নির্বাচন। আগামী নির্বাচন হবে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে।
মঙ্গলবার (৭ জুন) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর সরকারি পিএস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে দুর্নীতিতে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল। উন্নয়নের ধারা এগিয়ে নিতে আগামী নির্বাচন নৌকায় ভোট দিতে হবে।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।
সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম প্রমুখ বক্তব্য দেন।