বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টের একটি রক্তনালীতে ৯৯ ভাগ ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা রিং বসিয়েছেন। বেগম খালেদা জিয়ার ‘হার্টে সফলভাবে রিং’ পরানো হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি বলেন, অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানো না হলে তার জীবন হুমকির মুখে পড়বে।
শনিবার (১১ জুন) বিকেল ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার শারীরিক আপডেট তুলে ধরেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার জীবন রক্ষায় বিদেশে চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। অন্যথায় এর দায় সরকারকে বহন করতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে থাকা অবস্থায় তাঁর শ্বাস কষ্ট শুরু হয়। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা জানায়, রক্তনালীতে ৯৯ ভাগ ব্লক হয়েছে। এজন্য তাকে রিং পরানো হয়। হার্টের সমস্যা সাময়িকভাবে রিলিফ হয়েছে।
খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁকে বিদেশে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সরকার কোনো কর্ণপাত করেনি বলেও জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, আজকে আবার তিনি অসুস্থ হয়ে পড়াতে আরও প্রমাণিত হলো, অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে তার জীবন হুমকির মুখে পড়বে।
বিএনপি মহাসচিব বলেন, যদিও তারা অনির্বাচিত, তবুও আজ আমি আবার তাদের কাছে আহ্বান জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য দেশের বাইরে তার চিকিৎসা করার ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায়, আমরা আবারো বলছি, সকল দায় দায়িত্ব কিন্তু এই সরকারকে বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।