আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু (এমপি) বলেছেন, সরকারের উন্নয়ন মেনে নিতে না পারায় পদ্মা সেতুর উদ্বোধন বাধাগ্রস্ত করতে বিএনপি অগ্নিসন্ত্রাস করছে।
তিনি বলেন, ট্রেন, বাসে আগুন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। পদ্মা সেতুর উদ্বোধনকে বাধাগ্রস্ত করতেই ২০১৪ সালের মতো বিএনপি-জামায়াত আবারো অগ্নিসন্ত্রাস শুরু করেছে।
সোমবার (১৩ জুন) সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সাবেক মুখপাত্র প্রায়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউন মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দলের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের ঢাকা মহানগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) -এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন (এমপি), জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড কামরুল ইসলাম (এমপি), কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, বাসদের আহবায়ক রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা মোহাম্মদ নাসিমের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বক্তারা বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দমনে মোহাম্মদ নাসিমের মতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে লড়াই চালিয়ে যেতে হবে।
তারা বলেন, দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন দেশকে অস্থিতিশীর করতে পাঁয়তারা করছে বিএনপি।
এ সভায় ১৪ দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতে মহানবীকে নিয়ে তৈরি হওয়া ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশেও অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। আবার আন্দোলনের নামেও দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি। কোন অশান্তি হলে সরকারের সাথে ১৪ দল ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে বলেও ঘোষণা দেন জোট নেতারা।