বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভালো নেই। তিনি কেমন আছেন, আপনারা যতুটুক জানেন আমিও ততটুকুই জানি। তারচেয়ে বেশি জানি না। কারণ আমি চিকিৎসক নই।
মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। প্রয়াত বিএনপির নেতা গৌতম চক্রবর্তী স্মরণে সভার আয়োজন করে কৃষক দল।
গয়েশ্বর বলেন, যেখানে আমরা আমাদের নেত্রীকে দুই নয়ন দেখতে পারি না, অথবা তার আশপাশের বারান্দায় দাড়িয়েও একটু কষ্ট লাগব করার সুযোগ পায় নাই। সেখানে পত্রপত্রিকায় তার চিকিৎসা সম্পর্কে চিকিৎসকের মাধ্যমে যে কতটুকু আসে, এরচেয়ে বেশি জানার সুযোগ আমার নেই।
তিনি বলেন, তবে ম্যাডাম যে ভালো নেই, সেটা আপনার বোঝেন, আমরা বুঝি। সেই কারণে আমরা উনার জন্য কিছু করতে পারি আর না পারি, তার জন্য দোয়া করে যাচ্ছি। সৃষ্টিকর্তা যেন জনগণের দোয়া কবুল করে। তিনি যেন সুস্থ থাকেন।
সীমিত চিকিৎসার মাধ্যমে খালেদা জিয়া যেন সুস্থ হয়ে বিএনপির মাঝে ফিরে আসতে পারেন তার জন্য দোয়া চান গয়েশ্বর।