বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ আর গণমাধ্যমের স্বাধীনতা একসঙ্গে যায় না। এখন অনেক গণমাধ্যম দেখা যায় ঠিকই, কিন্তু সরকার সেগুলো ভয়ভীতির মাধ্যমে নিয়ন্ত্রণ করে। যার উদাহরণ-এখন পদ্মা সেতু নিয়ে সব গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। এটাই তো ফ্যাসিবাদ। খালেদা জিয়ার শাসনামলে তো অসংখ্য ব্রিজ-কালভার্ট নির্মাণ হয়েছে, সে সময় তো এমন ঢাকঢোল পেটানো হয়নি।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ১৬ জুন সংবাদপত্রের ‘কালো দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরাম ‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভাটির আয়োজন করে।
রিজভী বলেন, সরকার নাকি নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা; বরং চীনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পদ্মা সেতু করা হয়েছে। এই ঋণের বোঝা সবাইকে শোধ করতে হবে। আসলে যে টাকা খরচ হওয়ার কথা, তা হয়নি; বরং বেশি টাকা খরচ করা হয়েছে। মূলত, এসব টাকা বিদেশে পাচার করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ এখন ফ্যাসিজমের নতুন রূপে আবির্ভূত হয়েছে। নব্যবাকশাল ১৯৭৫ সালের চেয়ে আরও ভয়াবহ। আজকে সাংবাদিকেরা স্বাধীনভাবে লিখতে পারেন না। যে গণমাধ্যম মানুষের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সেগুলো সরকার বন্ধ করেছে। তার ওপর নতুন নতুন কালাকানুন করেছে। এ ধরনের কঠোর আইন ব্রিটিশ সরকারও করেনি। কিন্তু শেখ হাসিনা করেছেন। এটা নাৎসিবাদ ও ফ্যাসিবাদের ভয়াবহ রূপ।
বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।