জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে ৫ কোটি বেকারকে কাজ দেওয়া হবে।
তিনি বলেন, দুই দলের লুটপাট, চাঁদাবাজি, দলীয় তন্ত্র, দুর্নীতির বিপরীতে একমাত্র জাতীয় পার্টি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। দেশে এখন পাঁচ কোটি বেকার। বিগত দুই দলের সরকারই বেকারদের নিয়ে কোনো পরিকল্পনা তৈরি করতে পারেনি। ক্ষমতায় গেলে জাতীয় পার্টি এই পাঁচ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর বনানী কার্যালয়ের মিলনায়তনে জাতীয় হকার্স পার্টির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক চুন্নু বলেন, মহামারি, অস্থির বৈশ্বিক অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থানের অভাব মানুষকে দিশেহারা করে ফেলেছে। দুই দলই মানুষের জীবন-মান উন্নয়নে ব্যর্থ হয়েছে। একমাত্র জাতীয় পার্টিরই আছে রাষ্ট্র পরিচালনার সফল অতীত। তাই মানুষ আজ দুই দলের বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে নিয়ে স্বপ্ন দেখছে।
জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা প্রমুখ বক্তব্য দেন।