পদ্মা সেতুর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, কোটি কোটি টাকা খরচ করে অনুষ্ঠানের আয়োজন করলেও সেখানে লোকসমাগম হয়নি। সমাবেশে ২০ লাখ লোক হবে বলা হলেও ৫ থেকে ১০ হাজার লোকও উপস্থিত ছিল না।
রোববার (৩ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, পদ্মা সেতু যখন উদ্বোধন করা হয়েছে, তখন মানুষ পানিতে ভাসছিল, হাহাকার করছিল, মানুষের সহায়সম্বল ভেসে যাচ্ছিল। সেই সময় পদ্মা সেতুর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে। মানুষ মনে করেছে এটা গোটা জাতির সামনে একটা তামাশা। কোটি কোটি টাকা খরচ করে অনুষ্ঠানের আয়োজন করলেও সেখানে লোকসমাগম হয়নি। সমাবেশে ২০ লাখ লোক হবে বলা হলেও ৫-১০ হাজার লোকও উপস্থিত ছিল না।
রিজভী বলেন, পদ্মা সেতুর সঙ্গে ভয়ংকর দুর্নীতি জড়িত, যেখানে এক টাকা খরচ হওয়ার কথা, সেখানে সাড়ে তিন টাকা খরচ হয়েছে। সেই টাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে গেছে, তারা কানাডাসহ বিভিন্ন দেশে বাড়ি বানিয়েছে।