লোডশেডিংয়ের যন্ত্রণায় মানুষ অসহায় হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দেশে নাকি বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। তাহলে এতো লোডশেডিং কেন? লোডশেডিংয়ের যন্ত্রণায় মানুষ অসহায় হয়ে পড়েছে। উন্নয়নের নামে দুর্নীতি করে যে টাকা পাচার হয়েছে এর কুফল মানুষ এখন ভোগ করছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আজকে বিদ্যুৎ খাতে জনগণের ভর্তুকির টাকা হরিলুট করা হয়েছে। বিদেশে পাচার করা হয়েছে। প্রাকৃতিক গ্যাসে নয়-ছয় হয়েছে। তারা বিদ্যুৎ উৎপাদনে নজর দেয়নি। উন্নয়নের নামে এতো লাফালাফি হলো, এখন বিদ্যুৎ কোথায়?
ঈদুল আজহা উপলক্ষে জনদুর্ভোগের কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, সিন্ডিকেট করে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে। এ সিন্ডিকেট এমনভাবে চেপে বসেছে মানুষ মুখ ফুটে কিছু বলতে পারছে না। কোরবানির হাটেও সিন্ডিকেট করছে আওয়ামী লীগের লোকজন।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, ডা. জাহেদুল কবির, স্বেচ্ছাসেবক দলের সদস্য ও অর্পণ সংঘের বীথিকা বিনতে হোসাইন, ওমর ফারুক কাওসার ও আরিফুর রহমান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।