দেশের মানুষ যখন আনন্দমুখর পরিবেশে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করছেন, তখন বিএনপির মিথ্যাচার আর বিদ্বেষ প্রসূত বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পবিত্র ঈদের দিন বিএনপি মহাসচিবের ‘মিথ্যাচার বক্তব্যের’ প্রতিবাদ জানিয়ে সোমবার (১১ জুলাই) সকালে নিজের বাসভবনে ব্রিফিংয়ের সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যে মানুষের আনন্দ-বেদনার সঙ্গে একাত্ম হতে পারে না, তার প্রমাণ পবিত্র ঈদের দিনে তাদের মিথ্যাচার এবং বিষোদগার। ‘
তিনি বলেন বিএনপি নেতাদের এসব অপলাপ ক্ষমতার প্রতি তীব্র হাহাকারের দীর্ঘশ্বাস।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু। সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উস্কানিদাতা। মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয়দাতা এবং ধর্মান্ধ গোষ্ঠীরও উস্কানিদাতা।’
‘রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মর্মান্তিক গ্রেনেড হামলার পরিকল্পনাকারী বিএনপি, এদেশের রাজনীতিতে সন্ত্রাস, দুর্নীতি, জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা যাদের ঐতিহ্য এবং নিয়মিত চর্চার অংশ তাদের মুখে সুশাসনের কথা মানায় না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রকৃতপক্ষে বিএনপিই হচ্ছে দুঃশাসনের প্রতিভূ, গণতন্ত্র বিনাশী এক রাজনৈতিক অপশক্তি।
‘বিদ্যুৎ খাতের ইনডেমনিটির কথা বলার আগে বিএনপি কি ভুলে গেছে তারাই বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার জন্য ইনডেমনিটি দিয়েছিলো, ‘ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অপারেশন ক্লিন হার্টের সময় বেগম খালেদা জিয়াও ইনডেমনিটি দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘বিএনপির ইনডেমনিটি খুনিদের রক্ষা করার জন্য আর শেখ হাসিনা সরকার ইনডেমনিটি দিয়েছে উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে, জনগণের কল্যাণে।’