এবারের ঈদে ঘরমুখো মানুষকে দেশের ইতিহাসের সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাঝে মধ্যে মিডিয়ার সামনে এসে বিএনপিকে নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করেন। কিন্তু ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।
রিজভী বলেন, ১০০ টাকার ভাড়া ৫০০ টাকা গুণতে হয়েছে জনগণকে। ৫ ঘণ্টার পথ ৩০-৩২ ঘণ্টাতেও শেষ হয়নি। যাত্রীদের দিনরাত কাটাতে হয়েছে সড়ক-মহাসড়কে। আর মন্ত্রীরা বলেছেন মহাসড়কে কোনো যানজট নেই। আওয়ামী সরকারের মন্ত্রী ও নেতাদের কথাবার্তা শুনে মনে হয় এরা জন্মগতভাবেই মিথ্যেবাদী একটি রাজনৈতিক দল। অসত্য কথা, অপবাদ, কুরুচিপূর্ণ কথার আন্তর্জাতিক প্রতিযোগীতা হলে সেখানে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হবে।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
‘অস্ট্রেলিয়াতেও ১৫-১৮ ঘণ্টা লোডশেডিং হওয়ার ঘটনা ঘটেছে’- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে ‘আবোল-তাবোলের’ দেশ বানাতে চাচ্ছেন। অস্ট্রেলিয়াতে নাকি ১০ ঘণ্টা বা কোথাও কোথাও ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হয়। অস্ট্রেলিয়া থেকে প্রায় সাড়ে সাত হাজার মাইল দূরে বাংলাদেশের এই মন্ত্রী এই উদ্ভট খবরটি পেলেন কী করে?
বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, আওয়ামী সরকারের মন্ত্রী ও নেতাদের কথাবার্তা শুনে মনে হয় এরা জন্মগতভাবেই মিথ্যেবাদী একটি রাজনৈতিক দল। অসত্য কথা, অপবাদ, কুরুচিপূর্ণ কথার আন্তর্জাতিক প্রতিযোগীতা হলে সেখানে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হবে। একটি উন্নত গণতান্ত্রিক সুপরিচিত দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় বিদ্যুৎ কত ঘণ্টা থাকে না থাকে এটা বিশ্ববাসী জানে। আওয়ামী মন্ত্রীরা এ ধরনের টাটকা মিথ্যা কথা বলে শুধুমাত্র বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করার জন্য।
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু প্রমুখ উপস্থিতি ছিলেন।