রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর বহিষ্কার আদেশ বাতিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক কাজী সামিউল রহমানকেও তার পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শ্যামপুর থানা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় সভায় এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছিলো সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবু এবং সাংগঠনিক সম্পাদক কাজী সামিউল রহমানের বিরুদ্ধে। এরপর তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। দুজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ পরে তদন্তে মিথ্যে প্রমাণিত হয়।
হাবিবুর রহমান হাবু জানিয়েছেন, কারণ দর্শানোর নোটিশের জবাবে তিনি যা বলেছেন তা সন্তোষজনক হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের নির্দেশে তাকে শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বহাল ও আনীত অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
হাবিবুর রহমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের (মিরহাজীরবাগ-দোলাইরপাড়) কাউন্সিলর। আর তার ছেলে সাংগঠনিক সম্পাদক কাজী সামিউল রহমান।
দুজনের বিরুদ্ধে দলীয়কর্মীকে মারধরের অভিযোগ ওঠার পর গত ১৯ মে তাদের সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। সেই নোটিশের জবাব দিয়েছেন দুজনেই।
দুজনকে স্বপদে ফেরানোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবু ও সাংগঠনিক সম্পাদক কাজী সামিউল রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পাশাপাশি তাদের বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছিল। তাদের সেই জবাব সন্তোষজনক হওয়ায় এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বপদে বহাল ও অভিযোগ থেকে অব্যহতি প্রদান করা হলো।’