কমিটি নিয়ে বিবাদের জেরে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এবং দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানিয়েছেন সেখানে উপস্থিত থাকা একাধিক নেতাকর্মী।
কয়েকজন নেতা নিজেদের নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, আগামী ২১ জুলাই দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে উপজেলার এলাহাবাদ ও গুনাইঘর উত্তর ইউনিয়নের সম্মেলন হলেও কমিটি ঘোষণা বাকি ছিল। শনিবার জাতীয় সংসদ ভবনে কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী সম্মেলন নিয়ে বৈঠক করেন।
বৈঠকের দ্বিতীয় পর্বে এলাহবাদ ইউনিয়নের কমিটি ঘোষণা করা হলে আবুল কালাম আজাদ কমিটি সুন্দর হয়েছে দাবি করলে রাজী মোহাম্মদ ফখরুল আপত্তি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা হাতাহাতিতে গড়ায়।
উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এক পর্যায়ে তার পাশে বসা এমপি তাকে প্রথমে আঘাত করেন।
তিনি বলেন, ‘ঘোষিত কমিটি এমপি না মেনে উল্টো আমাকে আঘাত করে আহত করেছেন। আমার কানে মাথায় আঘাত লেগেছে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।’
এ বিষয়ে রাতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার সাংবাদিকদের বলেন, ‘সভা চলাকালে এমন ঘটনা ঘটবে তা আশা করিনি। এ ঘটনার পর অনুষ্ঠান স্থগিত করে নেতৃবৃন্দ সভাস্থল ত্যাগ করেন।’
এ ঘটনায় আগামী ২১ জুলাই দলের উপজেলা সম্মেলন অনিশ্চিত হয়ে পড়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।