বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তাদের কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না। তারা হুড়মুড় করে পড়ে যাবে। সেই পরিস্থিতি এখন চারিদিক থেকে দেখা যাচ্ছে।
তিনি বলেন, জনগণ এই সরকারের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। জনগণ চারপাশ থেকে ধেয়ে আসছে। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
মঙ্গলবার (১৯ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অজানা আশঙ্কা থেকেই আজ সকাল থেকেই আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে তাণ্ডব শুরু করেছে। যে সরকারের কোনো ক্ষমতায় থাকার বৈধতা নেই, যাদের জনগণের কোন ম্যান্ডেট নেই তারা এখন পুলিশি আক্রমণ বিরোধীদলের ওপর চালিয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে। একদিকে নিজ দলের নেতা-কর্মীদের সন্ত্রাসী বানিয়েছেন তাদের বেআইনি অস্ত্র দিয়ে বিরোধীদলের নেতা-কর্মীদের আক্রমণ করতে উদ্বুদ্ধ করছেন।
তিনি বলেন, এই সরকার সম্পূর্ণরুপে গণতন্ত্র বিচ্ছিন্ন তারা বেপরোয়া দমননীতি চালিয়ে ক্ষমতায় থাকতে চায়। তারা এখন রাষ্ট্র এবং সমাজের মধ্যে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করবে, কুৎসা রটনা করবে। তাদের লুটপাট,টাকা পাচারের দিকে যাতে জনগণ দৃষ্টি না দিতে পারে সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত করছে।
এ সময় দলটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম,নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।