বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর কথা বলা হলেও দেশ এখন আজিমপুরের কাছাকাছি। দেশের সর্বস্তরের জনগণ সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। আগামীতে বাংলাদেশে যা ঘটবে তারপর পৃথিবীর মানুষ শ্রীলঙ্কার কথা ভুলে যাবে।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এ সমাবেশের আয়োজন করে।
গয়েশ্বর বলেন, সিঙ্গাপুর বানাতে গিয়ে দেশটাকে আজিমপুর বানিয়ে ফেলেছে। বিদ্যুৎ দেবো? ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ, আমাদের প্রয়োজন ১১ হাজার মেগাওয়াট। এখন বলছে তাও পাওয়া যাচ্ছে না। কুইক রেন্টালের নামে লাখ লাখ কোটি টাকা যে লুটপাট করেছে এই টাকা বিদেশে পাচার হয়েছে। পদ্মা সেতুর বাজেট হয়েছিল ১১ হাজার কোটি টাকা। আজকে এই সেতু নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে তা কিন্তু এখনো আমরা জানি না।
তিনি বলেন, শ্রীলঙ্কার ঘটনা বাংলাদেশে ঘটবে এটা বলছি না। বাংলাদেশে যা ঘটবে তখন পৃথিবীর মানুষ বলবে যে, বাংলাদেশের মতো ঘটনা ঘটবে (উদাহরণ হিসেবে)। শ্রীলঙ্কার ঘটনা সবাই ভুলে যাবে। কারণ অনেক মিথ্যা প্রতিশ্রুতি এ সরকার দিয়েছে। সর্বপ্রথম তিনি বললেন-এ দেশকে সিঙ্গাপুর বানাবে। এখন বাংলাদেশ আজিমপুরের কাছাকাছি।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র বলেন, লাখো জনতা নয়, কোটি জনতা অপেক্ষা করছে প্রতিশোধ নেওয়ার জন্য।
তিনি বলেন, শ্রীলঙ্কায় রাজাপাকসে একাই দেশ ত্যাগ করেছে। আমাদের এখানে কেউ একা দেশ ত্যাগ করবে না । তাদের (সরকার) ওপর থেকে নিচে সবাই দেশ ত্যাগ করবে।