নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিলে প্রধানমন্ত্রীর চা খেতে বিএনপির সমস্যা নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত 'বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিশা: দুর্নীতি আর লুটপাটের খেসারত' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, তার কার্যালয়ে গেলে চা খাওয়াবেন। তার আগে বলে দেন নিরেপক্ষ সরকার সিস্টেম এনে দিচ্ছি। তাহলে চা খাওয়াতে অসুবিধা কী? সমস্যার সমাধান হচ্ছে নির্বাচনকালীন নিরেপক্ষ সরকার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের সব ব্যবস্থা সরকার করেছে। কিন্তু জ্বালানি কোথায় থেকে আসবে সে ব্যবস্থা সরকার করেনি। জ্বালানির ব্যাপারে সরকার কোনো পরিকল্পনা করেনি। আর এ কারণে দেশে আজ বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, এখনো যে দেশের মানুষ দুবেলা খেতে পায় না, যে দেশের মানুষ এখনো ৪২ শতাংশ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, সেই দেশকে সিঙ্গাপুর বানাচ্ছেন? আপনাদের নিরাপত্তার জন্য আবার কানাডায় বেগম পাড়া করছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সেকেন্ড হোম করছেন। এটাই হচ্ছে আওয়ামী লীগের আসল চেহারা।