লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও অন্যসব মহানগরীতে আগামী ২৯ ও ৩০ জুলাই এবং জেলা পর্যায়ে আগামী ৩১ জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হলেও তারিখ ঘোষণা করা হয়নি।
মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। গত সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপি মহাসচিব বলেন, লোডশেডিং এবং জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদ করার জন্য সোমবার (২৫ জুলাই) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও অন্যসব মহানগরীতে আগামী ২৯ ও ৩০ জুলাই এবং জেলা পর্যায়ে আগামী ৩১ জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা পর্যায়ের বিক্ষোভ সমাবেশের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। এখানে একটা জিনিস বলে রাখি, ঢাকা মহানগর উত্তর বিএনপি ২৯ জুলাই এবং দক্ষিণ বিএনপি ৩০ জুলাই বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎ উৎপাদনের বিদ্যুৎকেন্দ্র স্থাপন সমস্যাকে জটিলতর করেছে। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ না নিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির লক্ষ্যই হচ্ছে চুরি এবং নিজস্ব দলের ব্যবসায়ীদের সঙ্গে নিজেদের দুর্নীতি ও অনৈতিক সম্পদের পাহাড় গড়ে তোলা। শুধু লোভের কারণে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্ধকারের পথে নিয়ে গেছে সরকার।
সভায় এ বিষয়ে বিস্তারিত তথ্যসম্বলিত বক্তব্য প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির সামনে শিগগির নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয় বলেও জানান তিনি।