বিএনপির আন্দোলন মানে এক গভীর দীর্ঘশ্বাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির সরকার পতনের আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ। যারা নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না তাদের সরকার পতন ঘটানোর ঘোষণা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।
শনিবার (৩০ জুলাই) নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
‘মানুষকে জেগে উঠতে হবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মানুষ ঠিকই জেগে আছে, কেউ ঘুমিয়ে নেই। বরং বিএনপি নেতারাই জেগে জেগে ঘুমাচ্ছেন।
তিনি বলেন, আন্দোলনের ফানুস উড়িয়ে বিএনপি গভীর শীত নিন্দ্রায় চলে যাচ্ছে। তাদের সরকার পতন আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের কিছু একটা বলতে হবে তাই এসব হাই সাউন্ডিং শব্দ ব্যবহার করছেন। বাস্তবে তাদের সক্ষমতা কতটুকু, তা আমরা জানি। আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান কি না, সেটাও বিএনপি নেতারা জানেন না।
ওবায়দুল কাদের মনে করেন, বিএনপি এখন কুম্ভকর্ণ। তাই তাদের কুম্ভকর্ণের নিন্দ্রা ভাঙানো দরকার সবার আগে।
আওয়ামী লীগকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবে-বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ধাক্কা দিয়ে কাকে ফেলে দেবেন? আওয়ামী লীগকে? আওয়ামী লীগ কি অত ঠুনকো দল? বন্দুকের নল থেকে আওয়ামী লীগ জন্ম নেয়নি।
আওয়ামী লীগের শিকড় এ দেশের মাটি ও মানুষের অনেক গভীরে উল্লেখ করে কাদের বলেন, আপনারা নিজেরাই খাদের কিনারায় আছেন। আওয়ামী লীগকে ধাক্কা দিলে আপনাদেরই খাদে পড়ে যেতে হবে।
সেতুমন্ত্রী আরও বলেন, যারা এ দেশে বসে ফরমায়েশি রাজনীতি করেন, তারা জনপ্রত্যাশা থেকে যোজন-যোজন দূরে অবস্থান করছেন। তাদের অবস্থানই জনগণের কাছে ঠুনকো ও ভঙ্গুর।