দলের নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদেরকে রাজপথ দখল করতে হবে। আর রাজপথে দখলের মধ্য দিয়েই এই সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং এবং সকল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, তরুণ সমাজই দেশকে স্বাধীন করেছে, আজকে আবারও এই তরুণ সমাজকে জেগে উঠতে হবে। তরুণকে নতুন করে দেশে স্বাধীন করতে হবে। সেই স্বাধীনতা হবে গণতন্ত্রের। নতুন বাংলাদেশ নির্মাণ করবো আমরা তারেক রহমানের নেতৃত্বে।
তিনি বলেন, সংগ্রাম, লড়াই শুরু হয়েছে। এই লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই। এই লড়াই বিএনপির নয়, তারেক রহমানের নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষের বাঁচা-মরার লড়াই। আমাদের লড়াই শরিক হতে হবে, আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিস্ট, দানবীয়, মাফিয়া সরকারকে পরাজয়ের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো।
বিএনপি মহাসচিব বলেন,শেখ হাসিনা সরকারকে বলতে চাই, অবিলম্বে পদত্যাগ করুন। আপনাদেরকে এই মুহূর্তে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। নতুন নির্বাচন দিয়ে সংসদ ও সরকার গঠন করতে হবে।
এসময় তিনি বলেন, আগামীকাল উপজেলা পর্যায়ে সমাবেশ আছে। আগামী ২২ তারিখ থেকে আমরা সারা দেশে ছড়িয়ে পড়ব। প্রত্যেকটি উপজেলায় শান্তিপূর্ণ সমাবেশে করে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে বাধ্য করবো।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ডা. এজেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আযম খান, মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা, আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল মিলন প্রমুখ বক্তব্য দেন।