বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনকার যে মূল্যস্ফীতি, অর্থনৈতিক দুরবস্থা এর সবকিছুর মূলেই সরকারের দুর্নীতি। দুর্নীতির কারণেই দ্রব্যমূল্যর দাম বাড়ছে, তাদের দুর্নীতির কারণেই আজকে সারাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের পাগলা ঘোড়ার দাপটে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও হত দরিদ্ররা পিষ্ট হচ্ছে।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যের পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
বিএনপি মহাসচিব বলেন, ভোটারবিহীন অবৈধ সরকারের কিছু সুবিধাভোগী দুর্নীতিবাজ ব্যবসায়ী চক্রের হাতে দৈনন্দিন ভোগ্যপণ্যের বাজার ব্যবস্থাপনা জিম্মি হয়ে আছে। মূল্য বৃদ্ধির এই দুর্নীতিবাজ চক্রের শীর্ষ অবস্থানে রয়েছে সরকারের চালিকা শক্তিরাই। রক্ষক যখন ভক্ষক হয় তখন যা হওয়ার তাই হচ্ছে বাংলাদেশে।
তিনি বলেন, এ সরকার দুর্নীতিবাজ বলেই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা জনগণের কল্যাণের তোয়াক্কা না করে নিষ্ঠুর ও নির্দয় হয়ে পড়েছে।
দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির তুলনামূলক চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সরকারি হিসেবেই গত জুন মাসের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬% যা গত ৯ বছরে সর্বোচ্চ। বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতাও অনেক কমে গেছে। নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় সীমিত আয়ের মানুষ নানাভাবে ব্যয় কমিয়ে টিকে থাকার চেষ্টা করছে। নিজের আয় দিয়ে আর চলতে না পারায় স্ত্রীকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে অনেকেই ফ্যামিলি বাসা ছেড়ে উঠেছেন মেসে। মানুষ অস্তিত্ব টিকিয়ে রাখতে রীতিমত হিমশিম খাচ্ছে।