দেশ প্রায় দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, আমাদের দেশ প্রায় দেউলিয়া, ফরেন রিজার্ভ নেই, যা আছে প্রয়োজন অনুযায়ী কম। এজন্য আমরা বাইরের কাছে রিজার্ভ চাচ্ছি, ডলার চাচ্ছি। যা প্রকাশিত সত্য। তারা কি দেবে? কেউ দেওয়ার কথা বলেনি।
মান্না বলেন, এ সরকার যদি তার রিজার্ভ সমস্যা সমাধান করতে না পারে, জ্বালানি সমস্যা সমাধান করতে না পারে, জিনিসপত্রের দাম কমাতে না পারে তাহলে আজ অথবা কাল সরকারকে ক্ষমতা থেকে যেতেই হবে। তাই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, বেশি দিন টিকতে পারবে না।
শনিবার (২০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিদ্যুৎ সংরক্ষণের জন্য সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে শিক্ষামন্ত্রীর সমালোচনা করে মান্না বলেন, করোনাকালীন সময়েও এমন লাগাতার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এখনো সেইরকম আবার সিদ্ধান্ত নিচ্ছে, যেখানে ইউরোপ, আমেরিকা করোনাকালীন সময়েও শিক্ষা প্রতিষ্ঠান চালু রেখেছে।
তিনি বলেন, এ জন্যই আমরা বলছি দেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। এটা কিন্তু খুশি হয়ে বলছি না। শ্রীলঙ্কার দিকে গেলে ফিরে আসা সম্ভব না। এ জন্যই বলছি ভালো যদি চাও, এখনি যাও। না যদি যাও এমন এমন চিন্তা মাথায় আসে বলতে চাচ্ছি না। কীভাবে বিদায় করবো এখন বলছি না কিন্তু বিদায় করে দিবো সেই চেষ্টা করছি।
নাগরিক ঐক্যের উদ্দেশ্য সম্পর্কে মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা সেইরকম জায়গা তৈরি করছি, করবো যাতে আমরা বিজয় অর্জন করতে পারি। এ কাজটা খুব সহজ তা কিন্তু নয়; কেন না এত বড় সংকটে বাংলাদেশ ৫২ বছরে পড়েনি। বিরাজমান পরিস্থিতি যা তাতে রাস্তায় একটি লোকও আওয়ামী লীগের পক্ষে বলছে না। সুতরাং এখনই সময় সংঘবদ্ধ হয়ে পথে নামার। না হলে যতই অংক কষতে থাকেন, মিলাতে পারবেন না শেষ পর্যন্ত।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুলল্লাহ কায়সার, রাজনীতিবিদ মো. আবু তাহের মাস্টার, শিক্ষক রাজনীতিবিদ হারুন অর রশিদ, ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা জাকির হোসেন তুহিন, মো. আনোয়ার হোসেন অ্যাডভোকেট জাকির হোসেন, ফিরোজ হাসান রনি, ইমরান হাসান কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।