বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিকেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সোমবার (২২ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিকেলে ম্যাডাম (খালেদা জিয়া) এভারকেয়ার হাসপাতালে যাবেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি হাসপাতালে যাচ্ছেন।’
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৩টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা দেবেন খালেদা জিয়া। সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল।