জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার সংবিধান সংশোধন করে দেশে সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এক ব্যক্তির হাতে সব ক্ষমতা, তিনি যা বলবেন সেটাই আইন। এটি কখনোই গণতন্ত্র হতে পারে না, এভাবে গণতান্ত্রিক চর্চা হতে পারে না।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ৯০ সালের পর থেকে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করছে। ক্ষমতা হারালে প্রতিপক্ষ দুর্নীতির মামলা দেয়। পরে ক্ষমতায় গিয়ে সেই মামলা তুলে ফেলে। কিন্তু ওয়ান-ইলেভেনের সময় আওয়ামী লীগ নেতাদের নামে দুর্নীতির যে মামলাগুলো হয়েছিল, ক্ষমতায় এসে তারা সেই মামলাগুলো তুলে ফেলেছে। কিন্তু বিএনপি ক্ষমতায় যেতে না পেরে তাদের নামের মামলাগুলো তুলতে পারেনি।
তিনি বলেন, দুর্নীতি দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। পদ্মা সেতু অর্ধেকটা উদ্বোধন হয়েছে, কিন্তু এখনো রেলসেতু চালু হয়নি। পদ্মা সেতুতে বিদেশি ঋণ আছে, এটি নিজস্ব অর্থায়নে তৈরি হয়নি। পদ্মায় রেলসেতু উদ্বোধন করতে আরও অনেক অতিরিক্ত টাকা ব্যয় করতে হবে।
বইয়ের মোড়ক উন্মোচন এ অনুষ্ঠানে দলের কো-চেয়ারম্যান এ বি এ ম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।