বিএনপি-জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্র এখনো থেমে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্র এখনো থেমে নেই। তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। সেজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে সিরাজুল ইলসাম ডিগ্রী কলেজ মাঠে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
হানিফ বলেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করার পেছনে শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিয়ে সফল হয়েছেন। বর্তমান সময়ে দেশ পরিচালনায় তার বিকল্প নেই। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধুর আদর্শ ও উদ্দেশ্য হৃদয়ে ধারণ করতে হবে। সব ভেদাভেদ ভুলে গিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ সৃষ্টির পেছনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধু হত্যার মূল উদ্দেশ্য উল্লেখ করে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত ছিলেন, তাদের সাক্ষাৎকার ও ভাষ্য অনুযায়ী খুনি জিয়া বঙ্গবন্ধু হত্যার মূল নায়ক। শুধু রাষ্ট্রক্ষমতার জন্য নয়, সমগ্র বাঙালির স্বপ্ন ও স্বাধীনতা নস্যাত করার উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে।
আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, খুনি জিয়া ক্ষমতায় এসে মহান মুক্তিযুদ্ধে মীমাংসিত বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র শুরু করেন। দালাল আইন বাতিল করেন, মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা নিষিদ্ধি করেন, রাজাকার ও ১৫ আগস্ট কালো রাত্রের সঙ্গে জড়িত সবাইকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করেন।
আলোচনা সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ (এমপি), চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।