আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ম্যাডামের’ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলেছে মেডিকেল বোর্ড। সেজন্য তাকে এই এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) থেকে এই পরীক্ষাগুলো করা হবে। সেগুলোর রিপোর্ট পাওয়ার পর পর্যালোচনা শেষে বোর্ড-ই সিদ্ধান্ত নিবে পরবর্তী করণীয় কী হবে?
এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে তাকে নিয়ে তার গাড়ি বহর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় এবং রাত ৯টা ৫মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন।
গত ২২ আগস্ট বিকেলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে যান খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে যান তিনি।
৭৮ বছর বয়সি খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট' বসানো হয়েছিল।
দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তখন শর্ত দেওয়া হয়েছিল, তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে। বিএনপি তাকে বিদেশ নেওয়ার দাবি জানিয়ে এলেও সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।
কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসায়ই থাকছেন। ২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে ছয় দফায় ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল।
বহু বছর ধরে আর্থ্ররাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে' রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।