জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি এখন যে কোন সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও সংগঠিত। কোন ষড়যন্ত্রই জাতীয় পার্টির ঐক্যে ফাটল সৃষ্টি করতে পারবে না।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ) দুপুরে দলের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাপা চেয়ারম্যান বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সৈনিকেরা ষড়যন্ত্রে কখনোই বিভ্রান্ত হবে না। গণমানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে জাতীয় পার্টি। কোনো ষড়যন্ত্রেই জাতীয় পার্টি মাথা নত করবে না। সব ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলবো।
অনুষ্ঠানে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি), প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের (এমপি) প্রমুখ উপস্থিত ছিলেন।