দেশে আবার লাশ নিয়ে রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, বিএনপি নেতারা বলছেন নারায়ণগঞ্জে যুবদলকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেছে তার শরীরে গুলির চিহ্ন নেই। বরং তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন আছে। এ ঘটনা নতুন করে সন্দেহের তৈরি করেছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পূবালী ব্যাংক অডিটোরিয়ামে পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভায় এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধ করছেন। জনগণ আতঙ্কিত হয় আপনারা (বিএনপি) এমন কাজ করবেন, আন্দোলনের নামে হাতে লোহার রড নিয়ে তাণ্ডব করবেন এসব মেনে নেওয়া হবে না। কারণ জানমালে নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব।
বিএনপি কার স্বার্থে সরকারের পতন চায়? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা কার নেতৃত্বে সরকার পরিচালনা করবেন তা আগে পরিস্কার করুন।
পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) সভাপতি মোহাম্মদ ছানাউল হকের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ উপস্থিত ছিলেন।